বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে পিরোজপুর জেলা; গত বছরও জেলাটি শীর্ষে ছিল। গতকাল শনিবার প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এবার পিরোজপুরে পাসের হার ৫১.৫৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। তবে আগের কয়েক বছরের তুলনায় এ বছর জেলায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, এবার মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৯৮ জন, যাদের মধ্যে পরীক্ষা দেয় ৬ হাজার ৭৮২ জন। উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। সব মিলিয়ে জেলার পাসের হার ৫১.৫৫ শতাংশ।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বাসসকে বলেন, শিক্ষা অফিসের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মনিটরিং, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই পিরোজপুরের এইচএসসি পরীক্ষার্থীরা ভালো ফল করেছে।
সূত্র জানায়, নাজিরপুর উপজেলার দিঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাস করেনি। এ দুই প্রতিষ্ঠানের মোট আটজন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় বসেছিল সাতজন, তাদের একজনও উত্তীর্ণ হয়নি।
শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া ওই দুই প্রতিষ্ঠানে শিক্ষকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী।