বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে পুলিশের গাড়িতে করে দীপকে আদালতে নেওয়া হয়। পরে তাঁকে হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধার এবং হত্যার প্রকৃত স্থান নির্ধারণের জন্য দীপকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিন দিনেও মামলা না হওয়ায় তাঁকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে শুক্রবার রাতে তাঁকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে উত্তরা থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সঙ্গে থাকা আইফোনসহ বিভিন্ন তথ্যের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি।
আবেদনে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে, ঘটনার দিন দীপ তাহসিফকে ডেকে নিয়ে উত্তরখান থানার মাজার বস্তি এলাকায় যান। জিজ্ঞাসাবাদে দীপ তাহসিফকে নিজের সিনিয়র বড় ভাই হিসেবে পরিচয় দিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, জামিনে মুক্তি পেলে দীপ পলাতক হয়ে মামলার তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের লাশ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় থাকা তাহসিফের লাশ উদ্ধারের তিন দিন পর তাঁর বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশ।