যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের আহ্বান এমপি মিলনের

আপলোড সময় : ০২-১১-২০২৬ , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০১:১৯:০৫ পূর্বাহ্ন

যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার সকালে দুই উপজেলায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে এমপি মিলন বলেন, দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুবক। তাই দেশ গঠনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজই দেশের অর্থনীতিকে সচল ও শক্তিশালী করার অন্যতম প্রধান শক্তি।

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘ইতিহাসের রাখাল রাজা’ ও মহান দার্শনিক হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, জিয়াউর রহমানের মধ্যে গভীর দেশপ্রেম ছিল। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে তিনি প্রথম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেন। পাশাপাশি ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার কর্মসূচিতে যুব সমাজকে প্রধান শক্তি হিসেবে কাজে লাগানোর উদ্যোগ নেন।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে এমপি মিলন বলেন, খাল খনন, বৃক্ষরোপণ, মাছ চাষ এবং গরু, ছাগল ও হাঁস-মুরগি পালনের মতো উদ্যোগে জোর দিতে হবে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিজেদের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে কর্মসংস্থানের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন জাতীয় দিবস ও মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

দক্ষ ও পারদর্শী যুবকদের সরকারিভাবে পুরস্কৃত করার বিষয়টি উল্লেখ করে এমপি মিলন বলেন, গত বছর মোহনপুরের একজন এ পুরস্কার পেয়েছিলেন। এবারও একজন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। এ সময় সন্তানদের কাজের প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পবা ও মোহনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, মাঠপর্যায়ের কর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন এমপি মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তিনি কাজ করতে পছন্দ করেন এবং দেশের যুব সমাজ তাঁর কাছে অত্যন্ত প্রিয়।”

এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে পবা ও মোহনপুরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।

মোহনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অন্যদিকে, পবা উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :