ভারতীয় স্বল্পদৈর্ঘ্য ছবিতে প্রিয়াঙ্কার নতুন ইনিংস

আপলোড সময় : ০২-১১-২০২৬ , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০১:৩৪:৫০ পূর্বাহ্ন

অস্কারের প্রাথমিক বিবেচনার যোগ্যতা অর্জন করা ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উই ওয়ার হিয়ার’-এর সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত ছবিটির অস্কার যাত্রাকে আরও শক্তিশালী করতে তার এই উদ্যোগ। নির্বাহী প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে আরও যুক্ত হয়েছেন অভিনেতা অ্যান্ড্রু স্কট এবং টনি অ্যাওয়ার্ডজয়ী নাট্যকার ও অধিকারকর্মী ভি, যিনি আগে ইভ এনসলার নামে পরিচিত ছিলেন। প্রণব ভাসিন পরিচালিত ‘উই ওয়ার হিয়ার’ ইতোমধ্যে বিশ্বের ৮০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এসব উৎসবে ছবিটি ২০টিরও বেশি পুরস্কার অর্জন করেছে। ছবিটির বিষয়বস্তু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, বর্তমান সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়কে নতুনত্ব, রসবোধ ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে এতে। ছবিটির সৃজনশীল দলকে সমর্থন জানানো এবং তাদের মৌলিক কাজ বিশ্বদর্শকের সামনে তুলে ধরার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। ছবিটির গল্প আবর্তিত হয়েছে ভারতের একটি ছোট শহরের তিন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে। তাদের ধারণা, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি মানুষের কর্মক্ষেত্র দখল করে নিচ্ছে। এ পরিস্থিতির প্রতিবাদে তারা অভিনব এক কর্মসূচি শুরু করেন। নিজেদের গৃহস্থালির বিভিন্ন যন্ত্রপাতির সঙ্গে তুলনা করে প্রতিবাদ জানাতে থাকেন তারা। তবে তাদের এই ব্যতিক্রমী প্রতিবাদ নতুন মোড় নেয়, যখন তাদের একজনের সন্তান কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি প্রতিষ্ঠানে চাকরি নেয়। ছবিটির গল্প লেখা ও পরিচালনার পাশাপাশি প্রণব ভাসিন এতে প্রযুক্তির প্রভাব, কর্মসংস্থানের ভবিষ্যৎ এবং সময়ের পরিবর্তনে মানুষের অপ্রয়োজনীয় হয়ে পড়ার আশঙ্কার মতো গুরুত্বপূর্ণ বিষয় হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছে ‘উই ওয়ার হিয়ার’। যুক্তরাষ্ট্রের সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) উৎসবে সেরা ন্যারেটিভ শর্ট বিভাগে দর্শক পুরস্কারসহ রেডব্রেস্ট আনহিডেন অ্যাওয়ার্ড অর্জন করেছে ছবিটি। এ ছাড়া পাম স্প্রিংস আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ১৫ মিনিটের কম দৈর্ঘ্যের সেরা লাইভ-অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সেরা কমেডি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। পাম স্প্রিংসের এই স্বীকৃতিই ছবিটিকে অস্কারের বিবেচনায় আসার যোগ্যতা এনে দেয়। এর আগে ফ্রান্সের ক্লেরমঁ-ফেরাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর কানাল প্লাস পুরস্কারও অর্জন করে এটি। এদিকে, জনপ্রিয় মার্কিন সাময়িকী ‘দ্য নিউইয়র্কার’ ছবিটির স্বত্ব অধিগ্রহণ করেছে। সাময়িকীটির নিজস্ব ইউটিউব চ্যানেলে

চলচ্চিত্রটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। অস্কার মৌসুমে প্রিয়াঙ্কা চোপড়া, অ্যান্ড্রু স্কট ও ভির মতো আন্তর্জাতিক পরিচিতিসম্পন্ন ব্যক্তিত্বদের সমর্থন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক প্রণব ভাসিন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :