৭ নভেম্বর সাধারণ ছুটি, শিশু পার্কে বিনা টিকেটে প্রবেশ: সংহতি দিবসে দেশজুড়ে সরকারি কর্মসূচি

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করতে সারা দেশে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটি পালিত হবে আগামী ৭ নভেম্বর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ অক্টোবর মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা হয়; সেখানে সর্বসম্মতিক্রমে কর্মসূচিগুলো অনুমোদন পায়।

কর্মসূচি অনুযায়ী দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে আলাদা বাণী দেবেন।

সেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা তোলা হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সব সিটি কর্পোরেশন ও পৌরসভা মিলে দেশের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকায় সাজাবে।

জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সুবিধাজনক সময়ে দেশের সব মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত হবে। মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা।

দেশের সব হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্র, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে ভালো মানের খাবার দেওয়া হবে।

শিশুদের জন্য দিনভর বিনা টিকেটে খোলা থাকবে দেশের সব শিশু পার্ক; এর ব্যবস্থাপনায় থাকবে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, আর শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হবে বিশেষ আলোচনা ও রচনা প্রতিযোগিতার।

জাতীয় দৈনিকগুলোতে বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা। সিনেমা হলে এবং ভ্যানে করে দেখানো হবে প্রামাণ্য চলচ্চিত্র।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশাত্মবোধক গানের আসর বসাবে। সব জেলা ও উপজেলায় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা হবে, আর জেলা সদর ও উপজেলা পর্যায়ে হবে প্রদর্শনী ফুটবল ম্যাচ।

শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ স্মারক আলোচনা সভারও আয়োজন থাকবে।

সশস্ত্র বাহিনীর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ দরবার হবে। ঢাকার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ক্যাডেট কোরের তত্ত্বাবধানে থাকবে বর্ণাঢ্য ডিসপ্লে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, এনটিএমসি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদর দপ্তরগুলোতেও মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ দরবারের আয়োজন থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :