কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আর্চারি, শ্যুটিং ও হকির নিয়মিত অনুশীলনের নির্দেশ

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টের সঙ্গে আর্চারি, শ্যুটিং ও হকিরও নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজন করতে হবে দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর আজ বুধবার তাদের ওয়েবসাইটে একটি আদেশ প্রকাশ করে এ নির্দেশনা দিয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি হাতে নিয়েছে। উদ্দেশ্য হলো তৃণমূলের ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ভেতর থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা।

আদেশ অনুযায়ী, মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তির মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা এবং খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কর্মসূচিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বলা হয়েছে, প্রতিযোগিতার ১০টি ইভেন্টসহ আর্চারি, শ্যুটিং ও হকির অনুশীলন ও প্রতিযোগিতা যেন নিয়মিত হয়, তা তাঁদের নিশ্চিত করতে হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :