প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করা হেলিকপ্টারটি আজ সকাল ৯টা ৫০ মিনিটে বাগেরহাটের মোংলা বন্দরের হেলিপ্যাডে নেমেছে। খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান; খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
উপ-প্রেস সচিব জানান, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি আছে। সেগুলো শেষ হলে বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি, এরপর সড়কপথে রওনা দেবেন খুলনার দিকে।
খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন সেরে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার পথ ধরবেন প্রধানমন্ত্রী; রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে তাঁর নামার কথা বিকেল ৫টা ১৫ মিনিটে।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম অরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।