গাজীপুরে ১২, সাভার-আশুলিয়ায় ১১ প্লাটুন: শিল্পাঞ্চলে বিজিবির ৩৩ প্লাটুন, ড্রোনে লাইভ নজরদারি

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০২:৫৯:০১ অপরাহ্ন

ঢাকা ও এর আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৩ প্লাটুন সদস্য মাঠে নামানো হয়েছে। পোশাক কারখানাসহ শিল্প এলাকার নিরাপত্তা, স্বাভাবিক আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা রক্ষাই এ মোতায়েনের উদ্দেশ্য।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গাজীপুরে ১২ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন এবং মিরপুরে তিন প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এবং নিরাপত্তা তৎপরতা জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রাখা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে ড্রোনের সাহায্যে লাইভ মনিটরিং চলছে। দায়িত্বরত সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরাও ব্যবহার করছেন। পুরো কার্যক্রম সার্বক্ষণিক তদারকি ও সমন্বয় করা হচ্ছে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে।

স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন, যাতে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করা যায়। সংশ্লিষ্ট এলাকাগুলোর সামগ্রিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

জননিরাপত্তা, শিল্পাঞ্চলের স্বাভাবিক কর্মপরিবেশ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে বিজিবির এই তৎপরতা চলতে থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :