ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসির সাংবাদিক

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:২৬:২৭ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাদের নিয়ে যায় ডিবি পুলিশ। পরে দুজনকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন সাংবাদিকদের জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে তথ্য পাওয়ার পর ডিবি পুলিশ সেখানে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

তিনি বলেন, বর্তমানে তাদের সঙ্গে কথা বলছে ডিবি পুলিশ। নিরাপদ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে।

সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :