টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪ (এসআরবি-১৪)। মঙ্গলবার রাতে উপজেলার কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে স্থাপিত চেকপোস্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের সাকিবুল হাসান রনি ও রায়হান উদ্দিন, নারায়ণগঞ্জের সোনিয়া এবং পিরোজপুরের বন্যা আক্তার।
বুধবার দুপুরে এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আকন্দ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। বাসের যাত্রীদের নামিয়ে তল্লাশির একপর্যায়ে বক্সে রাখা তিনটি ট্রাভেল লাগেজের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মুঠোফোনও জব্দ করা হয়।
এসআরবি-১৪ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।