যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:৩৭:৩৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে দলটি। নির্বাচনের ফলাফলে দুই কক্ষেই ডেমোক্র‍্যাটদের এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে।

সিনেটের ১০০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ডেমোক্র‍্যাটরা পেয়েছে ৫৪টি, আর রিপাবলিকানদের দখলে রয়েছে ৪৩টি আসন। বাকি তিনটি আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের এক-তৃতীয়াংশ আসনে প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবারের মধ্যবর্তী নির্বাচনে ৩৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনের আগে সিনেটে ডেমোক্র‍্যাটদের আসন ছিল ৪৫টি, আর রিপাবলিকানদের ছিল ৫৩টি। এ ছাড়া দুজন স্বতন্ত্র সিনেটর থাকলেও তাঁরা ডেমোক্র‍্যাটদের সঙ্গে মিলে কাজ করতেন। এবারের নির্বাচনে রিপাবলিকানদের দখলে থাকা অন্তত সাতটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র‍্যাট প্রার্থীরা।

অন্যদিকে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত ডেমোক্র‍্যাটরা পেয়েছে ২২৫টি আসন, আর রিপাবলিকানদের ঝুলিতে রয়েছে ১৩৬টি। বাকি ৭৪টি আসনের ফলাফল এখনো জানা যায়নি। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্তত ৫১টি এবং প্রতিনিধি পরিষদে ২১৮টি আসন প্রয়োজন।

নির্বাচনে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি আসনেও জয় পেয়েছেন ডেমোক্র‍্যাট প্রার্থীরা। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা অন্তত সাতটি সিনেট আসন নিজেদের দখলে নিয়েছেন তাঁরা।

গভর্নর নির্বাচনেও সাফল্য পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। দীর্ঘদিন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা জর্জিয়া, টেক্সাস, ওহাইও ও আইওয়ায় জয় পেয়েছেন দলটির প্রার্থীরা। এর ফলে এসব অঙ্গরাজ্যের গভর্নর পদে রিপাবলিকানদের দীর্ঘদিনের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।

প্রতিনিধি পরিষদের নির্বাচনেও রিপাবলিকানদের কাছ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র‍্যাট প্রার্থীরা। এসব আসনের কয়েকটিতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছিলেন। এবার সেসব এলাকাতেই জয় পেয়েছেন ডেমোক্র‍্যাটরা।

ইন্ডিয়ানা, আইওয়া, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা ও টেক্সাসে রিপাবলিকানদের কাছ থেকে একাধিক আসন নিজেদের দখলে নিয়েছেন ডেমোক্র‍্যাট প্রার্থীরা। ইন্ডিয়ানা-৫ আসনে রিপাবলিকান কংগ্রেস সদস্য ভিক্টোরিয়া স্পার্টজকে হারিয়েছেন ডেমোক্র‍্যাট প্রার্থী জে ডি ফোর্ড। অথচ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই আসনে প্রায় ১৭ শতাংশ ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :