টেক্সাসে রিপাবলিকানদের দীর্ঘ আধিপত্যের অবসান

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:৩৮:৩৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রায় তিন দশক পর গভর্নর পদে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। রিপাবলিকান প্রার্থী ও বর্তমান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ডেমোক্র‍্যাট প্রার্থী জিনা হিনোজোসা। ১৯৯৫ সালে অ্যান রিচার্ডসের মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম অঙ্গরাজ্যটির গভর্নর পদে কোনো ডেমোক্র‍্যাট দায়িত্ব নিতে যাচ্ছেন। একই সঙ্গে ৫২ বছর বয়সী হিনোজোসা হতে যাচ্ছেন টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে হিনোজোসার কাছে পরাজিত হয়েছেন টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করা গ্রেগ অ্যাবট। চতুর্থ মেয়াদে গভর্নর হওয়ার লড়াইয়ে থাকা অ্যাবট নির্বাচনের রাতেই পরাজয় মেনে নেন। অ্যাসোসিয়েটেড প্রেসের ফল ঘোষণার পর টেক্সাসের এই ফলকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

টেক্সাস দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯৪ সালের নির্বাচনে ডেমোক্র‍্যাট গভর্নর অ্যান রিচার্ডস রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশের কাছে পরাজিত হন। এরপর আর কোনো ডেমোক্র‍্যাট অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচিত হননি। ফলে হিনোজোসার জয় শুধু ক্ষমতার পালাবদল নয়, টেক্সাসে ডেমোক্র‍্যাটদের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারেরও ইঙ্গিত দিচ্ছে।

অস্টিনের রাজ্য আইনপ্রণেতা ও সাবেক স্কুল বোর্ড সভাপতি হিনোজোসা নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, সরকারি শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং রাজনীতিতে করপোরেট প্রতিষ্ঠান ও ধনকুবেরদের প্রভাব কমানোর প্রতিশ্রুতি দেন। তাঁর প্রচারের অন্যতম আকর্ষণ ছিল রাজ্যের অর্থনৈতিক সঞ্চয় থেকে প্রত্যেক বাসিন্দাকে এককালীন ১ হাজার ৫০০ ডলার ফেরত দেওয়ার প্রস্তাব।

অন্যদিকে গ্রেগ অ্যাবট তাঁর দীর্ঘ শাসনামলের সাফল্য তুলে ধরে অর্থনীতি, সম্পত্তিকর কমানো এবং জনশিক্ষায় অর্থায়নের বিষয়গুলোকে গুরুত্ব দেন। তবে নির্বাচনী প্রচারের শেষ দিকে হিনোজোসার বিরুদ্ধে উচ্চ কর আরোপ এবং রাজ্যের অর্থনীতির ক্ষতি করার অভিযোগ তোলেন তিনি।

প্রচারে অর্থ ব্যয়ের ক্ষেত্রেও দুই প্রার্থীর মধ্যে বড় ব্যবধান ছিল। হিনোজোসার তুলনায় অ্যাবটের নির্বাচনী প্রচারে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করা হয়। তারপরও জীবনযাত্রার ব্যয়, শিক্ষা ও সরকারি ব্যবস্থাপনা নিয়ে ভোটারদের অসন্তোষকে কাজে লাগিয়ে জয় পান হিনোজোসা। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে তাঁর প্রচারকে জনতুষ্টিবাদী প্রতিশ্রুতিনির্ভর হিসেবে বর্ণনা করা হয়েছে।

টেক্সাসে ডেমোক্র‍্যাটদের এই জয়কে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। এবারের নির্বাচনে অঙ্গরাজ্যটির বিভিন্ন পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ডেমোক্র‍্যাটদের ভালো ফল রিপাবলিকানদের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :