বিনামূল্যে চিকিৎসাসেবা আর ওষুধ পেয়েছে জেলার দুই শতাধিক শিশু। ‘সুস্থ শিশু, সুন্দর আগামী’ স্লোগান সামনে রেখে এই আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে চলে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্প। এর আয়োজক সামাজিক ও মানবিক সংগঠন ‘উই ক্যান চেঞ্জ’ (ডব্লিউসিসি); ক্যাম্পে শিশুদের চিকিৎসা দেন একদল শিশু বিশেষজ্ঞ চিকিৎসক।
অভিজ্ঞ চিকিৎসকদের এই দলের নেতৃত্বে ছিলেন সংগঠনটির চেয়ারম্যান, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল। তাঁরা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং চিকিৎসা-পরামর্শ দেন।
শিশুদের নানা সাধারণ ও জটিল রোগের চিকিৎসা, দরকারি স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল ক্যাম্পে, সঙ্গে সুস্থ জীবনযাপন নিয়েও পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, দেশের ভবিষ্যৎ হলো শিশুরা, আর তারা যাতে সুস্থভাবে বেড়ে ওঠে সে জন্য শৈশব থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক চিকিৎসা দরকার। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবার শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারে না।
তাঁর ভাষ্য, এসব শিশুর কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই উদ্যোগটির মূল উদ্দেশ্য। রোগের চিকিৎসার বাইরেও শিশুদের পুষ্টি, যত্ন ও সুস্থ জীবনযাপন নিয়ে অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
আয়োজকেরা জানান, সমাজের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা বিনামূল্যে পৌঁছে দিতেই এ উদ্যোগ। জনকল্যাণমূলক এমন কার্যক্রম সামনেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা তাঁদের রয়েছে।