তৃতীয় প্রান্তিকে আইএজির নিট মুনাফা কমল ১২ শতাংশের বেশি, কারণ জ্বালানি তেল ও ফ্লাইট বিঘ্ন

আপলোড সময় : ০৬-১১-২০২৬ , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৫:০৬:১১ অপরাহ্ন

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্রিটিশ এয়ারওয়েজ ও আইবেরিয়ার মালিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপের (আইএজি) নিট মুনাফা কমেছে ১২ শতাংশের বেশি। প্রতিষ্ঠানটির ভাষ্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়াই এর কারণ।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইএজি জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে কর পরিশোধের পর তাদের মুনাফা হয়েছে ১২৩ কোটি ইউরো (প্রায় ১৩৭ কোটি ডলার), যা গত বছরের একই সময়ে ছিল ১৪০ কোটি ইউরো।

টিকিটের দাম ভালো থাকলেও ফ্লাইট পরিচালনার সক্ষমতা কমে যাওয়া, নানা অপ্রত্যাশিত কারণে ফ্লাইটে বিঘ্ন এবং বিশেষ করে উড়োজাহাজের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

আইএজির হিসাব অনুযায়ী, এই প্রান্তিকে জেট ফুয়েল বাবদ খরচ আগের তুলনায় ৩০ শতাংশের বেশি বেড়েছে। অবশ্য একই সময়ে প্রতিষ্ঠানটির মোট আয় ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৯৭৪ কোটি ইউরো।

আইএজির প্রধান নির্বাহী কর্মকর্তা লুইস গালেগোর ভাষ্য, ‘জেট ফুয়েলের অত্যন্ত উচ্চমূল্য ও কয়েকটি অপ্রত্যাশিত কারণে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সত্ত্বেও আমরা এ প্রান্তিকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যবসায়িক কার্যক্রম ধরে রাখতে পেরেছি।’

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর বাইরে ইঞ্জিনসংক্রান্ত সমস্যায় প্রয়োজনীয় উড়োজাহাজের ঘাটতি এবং বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় বিঘ্নও তাদের সামগ্রিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা ক্ষতিগ্রস্ত করেছে।

গত সেপ্টেম্বরেও যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার প্রযুক্তিগত ত্রুটিতে দেশটিতে বিমান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :