টানা তিন দিনের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সৈকত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ , আপডেট সময় : ০৭-১১-২০২৬

সাপ্তাহিক ছুটি ও শ্যামাপূজার সরকারি ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সূর্যোদয়-সূর্যাস্তের লীলাভূমি কুয়াকাটা। বঙ্গোপসাগরের ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের বাড়তি উপস্থিতিতে সৈকতজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। হোটেল-মোটেলগুলোর সব কক্ষ আগাম বুকিং হয়ে যাওয়ায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও ফিরেছে কর্মচাঞ্চল্য।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বিকেল থেকেই কুয়াকাটা সৈকতে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করে। শুক্রবার সকাল থেকে জিরো পয়েন্টসহ পুরো সৈকতে ছিল পর্যটকদের সরব উপস্থিতি। কেউ সমুদ্রের ঢেউয়ে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন, কেউ ছোট-বড় ঢেউয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। আবার কেউ বালুচরে খেলাধুলা করছেন, কেউবা সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্য।

শুধু জিরো পয়েন্ট নয়, প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের লেম্বুরবন, চর গঙ্গামতিসহ বিভিন্ন পর্যটন স্পটেও বেড়েছে মানুষের ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ছুটির আনন্দ ভাগাভাগি করতে দূরদূরান্ত থেকে নানা বয়সী মানুষ কুয়াকাটায় আসছেন।

পর্যটকদের আগমনে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান, ফটোগ্রাফার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। পর্যটকদের বাড়তি চাহিদায় বেচাকেনা বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রাণচাঞ্চল্য ফিরেছে। দীর্ঘদিন পর পর্যটকদের এমন উপস্থিতিতে খুশি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত ও গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে তৎপর রয়েছে পুলিশ। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নজরদারিও জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :