জামালপুরের মেলান্দহে মোটরসাইকেল ও অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় আট মাসের শিশুসহ চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা। নিহত অপর ব্যক্তি মেলান্দহ পৌরসভার বকুলতলা এলাকার শওকত হাসান লিখন আকন্দ (৪৫)।
আহত দুজন হলেন অটোরিকশাচালক হযরত আলী ও যাত্রী শাকিল মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহরগামী একটি ট্রাক প্রথমে ইসলামপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি মেলান্দহগামী একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক ও যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করলে সেটি আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।