বিএনপি ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপলোড সময় : ০৮-১১-২০২৬ , আপডেট সময় : ০৮-১১-২০২৬

সারাদেশের মতো নাটোরেও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগেও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টায় আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দলটির কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টার দিকে কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এরপর নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসে। তাঁর ভাষ্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাসে যাঁদের অবদান রয়েছে, তাঁদের সবার অবদান স্বীকার করতে হবে। এ প্রসঙ্গে তিনি এম এ জি ওসমানী, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাবের পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেগম সুফিয়া হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য শহিদুল ইসলাম তুষার, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এতে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :