ফাইনালে চিত্রামায়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশ

আপলোড সময় : ০৮-১১-২০২৬ , আপডেট সময় : ০৮-১১-২০২৬

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ মধ্যপাড়ায় অনুষ্ঠিত ১৬ দলীয় ‘ঘোপ উত্তরপাড়া যুবসংঘ নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে চিত্রামায়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাইক্লোন একাদশ। শুক্রবার রাত ৮টায় অনুষ্ঠিত জমজমাট এ খেলায় টুটুল হোসেনের করা একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করে দলটি।

ঘোপ মধ্যপাড়ার মাঠে ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমার্ধের ১৬ মিনিটে টুটুল হোসেন গোল করে সাইক্লোন একাদশকে এগিয়ে নেন। এরপর সমতা ফেরাতে একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি চিত্রামায়া একাদশ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাইক্লোন।

দ্বিতীয়ার্ধেও দুই দল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। উভয় দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো পক্ষই আর গোল করতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইক্লোন একাদশ। পুরো টুর্নামেন্টে লড়াকু নৈপুণ্য দেখিয়ে রানার্সআপ হয় চিত্রামায়া একাদশ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইক্লোন একাদশের টুটুল হোসেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশকে একটি ছাগল এবং রানার্সআপ চিত্রামায়া একাদশকে ছয় হাজার টাকা দেওয়া হয়। স্থানীয় মহল্লার ইমাম হাফেজ মো. আনোয়ার হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। মাঠে উপস্থিত শত শত দর্শকের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে খেলার পরিবেশ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :