মাত্র ১৫ বছর বয়সেই বড় দায়িত্ব পেলেন ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহার দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই কিশোর ক্রিকেটার। এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে কোনো টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
শুক্রবার বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় আসন্ন টুর্নামেন্টের জন্য বৈভবকে অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। গত দলীপ ট্রফির ফাইনালে ইশান কিষাণ মাঠের বাইরে চলে যাওয়ার পর অল্প সময়ের জন্য ইস্ট জোনের নেতৃত্ব দিয়েছিলেন বৈভব। এ ছাড়া রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন এই তরুণ।
মাত্র ১৫ বছর বয়সে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, একজন তরুণ ক্রিকেটারের জন্য এটি অনেক বড় ও চ্যালেঞ্জিং দায়িত্ব। বৈভবের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি।
এদিকে আসন্ন টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল গঠনের প্রস্তুতি নিচ্ছে বিহার। এ লক্ষ্যে ক্রিকেটারদের নিয়ে বিশেষ ট্রায়ালের আয়োজন করা হচ্ছে। খেলোয়াড়দের বর্তমান ফিটনেসের পাশাপাশি অতীতের পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বৈভব। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মূল দলে জায়গা পেয়েছিলেন তিনি। যদিও খেলার সুযোগ পান মাত্র দুটি ম্যাচে। এর একটিতে ৪ রান করার পর অন্য ম্যাচে খেলেন ৪৫ রানের ঝোড়ো ইনিংস। বিশেষ করে সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তার বিধ্বংসী উদ্বোধনী জুটি আলোচনায় আসে। পাওয়ার প্লেতেই দুজন মিলে ১১৮ রান তুলে রেকর্ড গড়েছিলেন। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন বৈভব। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে সাতটি ম্যাচ খেলেছেন নিজের রাজ্য দল বিহারের হয়ে। গত আসরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কলকাতার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই কিশোর। এবার ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বেও নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।