বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। ছবির দৃশ্য নতুন করে শুট করা, নাম পরিবর্তন এবং সরকারি ছাড়পত্র পেতে জটিলতা তৈরির মতো খবরও ছড়িয়ে পড়ে। তবে এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সালমান খান। তার দাবি, সিনেমার নির্মাণ ও মুক্তি নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হয়নি।
এর আগে গত এপ্রিল মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। শুক্রবার (৬ নভেম্বর) মুম্বাইয়ে সিনেমাটির ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানেই ছবির মুক্তিতে বিলম্ব এবং নির্মাণ নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
সালমান জানান, সিনেমার কাজ নিয়ে সমস্যা কিংবা বিলম্বের যে খবর ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। ছবির দৃশ্য নতুন করে ধারণ করা কিংবা সরকারি আপত্তির কারণে নির্মাণে পরিবর্তন আনার বিষয়টিও অস্বীকার করেন তিনি।
মূলত ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘মাতৃভূমি’। এ কারণে সিনেমাটির বিষয়বস্তু, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র এবং প্রদর্শনের অনুমতি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছিল। এমনকি ছবির কয়েকটি দৃশ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তির কারণে পুনরায় শুটিং করতে হয়েছে বলেও খবর ছড়ায়।
প্রথমে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সরকারি আপত্তির কারণেই নাম পরিবর্তন করা হয়েছে—এমন খবরও প্রকাশিত হয়েছিল। তবে এসব দাবি শুনে বিরক্তি প্রকাশ করেন সালমান। তিনি বলেন, ‘সব বাজে কথা! এ খবর একেবারেই সত্যি নয়।’
সিনেমার মূল বিষয়বস্তু সম্পর্কে সালমান বলেন, এখানে সেনাসদস্যদের জীবন ও তাদের পরিবারের সদস্যদের নানা প্রতিকূলতার চিত্র তুলে ধরা হয়েছে। সেনারা কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যান এবং তাদের স্বজনদের কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেটিই সিনেমার মূল উপজীব্য। এখানে কোনো নেতিবাচক শক্তিকে তুলে ধরা হয়নি; বরং পরিস্থিতিই নেতিবাচক বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ভারত ও চীনের সেনাদের সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং গালওয়ান সংঘর্ষের সংবেদনশীলতার কারণে ছবিটির বিষয়বস্তু নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতারা।