আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা ইস্যুর উৎপত্তি মিয়ানমার থেকে, এর সমাধানও মিয়ানমারকেই করতে হবে; আর এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলকে যুক্ত করা প্রয়োজন।
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট নিরসনে টেকসই পন্থা: জাতীয় কৌশলের রূপরেখা ও বৈদেশিক অবদান’ শিরোনামে আয়োজিত জাতীয় নীতি সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকারের বিষয়গুলো আমাদের ভাবনায় আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের কাছে রোহিঙ্গা ইস্যু একদিকে মানবিক বিবেচনার বিষয়, অন্যদিকে এর সঙ্গে দেশের নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে আছে।
মো. আসাদুজ্জামান জানান, জাতিসংঘের অধিবেশনে গিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে তাঁরা বলেছেন, কেবল জোর করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো কিংবা আন্তর্জাতিকভাবে কিছু চাপিয়ে দেওয়াটা সমাধান নয়। স্বদেশে ফেরার ক্ষেত্রে একজন রোহিঙ্গার নিরাপত্তার দিকটি বিবেচনায় রাখতে হবে। তিনি যেন নাগরিকত্ব, মানবাধিকার, মর্যাদা ও শিক্ষার অধিকার পান, তা নিশ্চিত করতে হবে; আর সেই নিশ্চয়তা দেওয়ার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলের সম্পৃক্ততা দরকার।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি রয়েছে, যারা রোহিঙ্গা সমস্যার সমাধানের উপায় খতিয়ে দেখছে। অতীতে বেগম খালেদা জিয়ার সরকার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার যে পথে এগিয়েছিল, তাঁরাও সেই পথ অনুসরণ করছেন বলে উল্লেখ করেন তিনি। তাঁরা মনে করেন, ওই পথে চলেই রোহিঙ্গা ইস্যুকে একটি যৌক্তিক পরিণতিতে নেওয়া সম্ভব।
সংলাপটি পরিচালনা করেন নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. শাকিল আহমেদ। মূল প্রবন্ধ তুলে ধরেন সাবেক রাষ্ট্রদূত ও জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ সুফিউর রহমান।