বর্ণাঢ্য নানা আয়োজনে নড়াইলে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়, যার সভাপতি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোসা. আমিনা পারভীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল সভায় প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. হারুনর রশিদ এবং সমবায়ী আবু জাফর মোরাদ হোসেন ও শোভা সুলতানা সভায় বক্তব্য রাখেন। সমবায় আন্দোলনের গুরুত্ব আর জাতীয় অর্থনীতিতে এর বহুমুখী ভূমিকা তুলে ধরে তাঁরা সমৃদ্ধ, সমবায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন। আলোচনা পর্ব শেষে সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।