র্যালি, আলোচনা সভা আর সমবায়ীদের পণ্যের প্রদর্শনীর মধ্য দিয়ে জেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আজ রোববার সকাল সাড়ে ১০টায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে আসার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ খোর্শেদ আলম সভায় সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ছিলেন প্রধান অতিথি। জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. শাহাদাৎ হোসেন এবং পুলিশ সুপারের প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা মনে করিয়ে দেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের মতে, যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানো, নতুন উদ্যোক্তা গড়ে তোলা ও মানুষের জীবনমান উন্নত করতে সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন।
দিবস উপলক্ষে বসানো ১০টি স্টলে সমবায়ীদের তৈরি নানা পণ্য ও তাঁদের কার্যক্রম প্রদর্শিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন স্টলগুলো ঘুরে দেখেন। সে সময় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী ও সংশ্লিষ্টরা সেখানে ছিলেন।