১৬ দলের লড়াইয়ে হেনরি ডুনান্ট মুট কোর্টের জাতীয় পর্বে সেরা ঢাবি

আপলোড সময় : ০৮-১১-২০২৬ , আপডেট সময় : ০৮-১১-২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট দল ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ জাতীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) যৌথভাবে গত ৬ ও ৭ নভেম্বর আইইউবি ক্যাম্পাসে প্রতিযোগিতাটির আয়োজন করে। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সাফল্যের খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইন বিভাগের শিক্ষার্থী মো. গাজী মুজিরু, নাফিসা তাবাসসুম ও মোহাম্মদ ইবনে আলমকে নিয়ে গড়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলটি।

দেশের নানা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬টি দল প্রতিযোগিতার মৌখিক পর্বে লড়েছে। আইনি যুক্তি তুলে ধরা, বিচারিক বিশ্লেষণ এবং দলগত সমন্বয়ে দক্ষতা দেখিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই সাফল্যে দলটিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। হংকংয়ে অনুষ্ঠেয় প্রতিযোগিতার এশিয়া-প্যাসিফিক পর্বেও দলটি যেন সফল হয়, সে কামনা করেন তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :