হিমেল বাতাস, ভোরের কুয়াশা আর ঘন আর্দ্রতায় উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়ছে, ধীরে ধীরে নামছে তাপমাত্রাও। দিনে রোদের তেজ থাকলেও সন্ধ্যা নামলেই ঠান্ডা বাড়তে শুরু করে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আজ রোববার সকাল ৯টায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১শ’ শতাংশ। আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস; অর্থাৎ এক দিনে তা কমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বেলা বাড়ার সঙ্গে সূর্য উঠলে তাপমাত্রা খানিকটা বাড়ে, তবে ভোর আর সন্ধ্যার ঠান্ডা ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। হিমেল হাওয়ার মধ্যেই ভোরে ঘর ছেড়ে দিনের কাজ শুরু করতে হচ্ছে বিশেষ করে শ্রমজীবী মানুষদের।
আবহাওয়া অফিস জানায়, গতকাল শনিবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাই দিনে রোদের তেজ থাকলেও সকাল-সন্ধ্যায় শীত অনুভূত হচ্ছে।
তাপমাত্রা ধীরে ধীরে কমছে বলে বাসসকে জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়। তিনি বলেন, এ সময়ে রাতে ও ভোরে শীত বেশি অনুভূত হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও নামতে পারে, সঙ্গে বাড়তে পারে শীতের অনুভূতি।