ডেঙ্গু ঠেকাতে জাতীয় যুব দিবসে পরিচ্ছন্নতা অভিযানে যুবসমাজ

আপলোড সময় : ০৮-১১-২০২৬ , আপডেট সময় : ০৮-১১-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে জাতীয় যুব দিবস উপলক্ষে ময়মনসিংহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে যুবসমাজকে সম্পৃক্ত করে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘কর্মই জীবন’ প্রতিপাদ্যে রোববার (৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ  সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এ কাজে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে যুবসমাজকে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে এসে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাড়ির আঙিনা, ঝোপঝাড়, নালা-নর্দমা ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই একমাত্র ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

অভিযানে মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মোঃ হারুন-অর-রশিদসহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় যুব দিবসের এ কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :