নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নের মতো বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থের নানা বিষয় নিয়ে আজ ঢাকায় কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।
সোমবার ঢাকায় পৌঁছেই রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ডাচেস সোফি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও তখন সেখানে ছিলেন।
সাক্ষাতের এ খবর জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশে আসা ডাচেস সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এ দেশে সফরে থাকবেন।
যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব এবং সহযোগিতার পরিসর কতটা বিস্তৃত, তা তুলে ধরতে সফরের দিনগুলোতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তিনি।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রমও তাঁর পরিদর্শনসূচিতে আছে। এ জন্য কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কাজ ঘুরে দেখার কথা রয়েছে ডাচেস সোফির।