সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন : নবীন বিসিএস কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৯-১১-২০২৬ , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৪:০৭:৩২ অপরাহ্ন

সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ নিয়ে জনগণের সেবায় কাজ করতে নবীন বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে মানুষ কেবল আদেশ-নির্দেশ চায় না, মানবিক আচরণও প্রত্যাশা করে। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিককে যাতে হয়রানির মুখে পড়তে না হয়, সেটি নিশ্চিত করার দায়িত্ব কর্মকর্তাদের।

রোববার সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তাঁর মতে, কোনো সরকারের সামগ্রিক সাফল্যের জন্য দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন খুবই জরুরি। এ গুণগুলো একজন কর্মকর্তাকে যেমন সমৃদ্ধ করে, তেমনি রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কলাকৌশল তারা প্রশিক্ষণের মাধ্যমে শিখেছেন। এখন সরকারি প্রশাসনে যে যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।’

বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে কর্মস্থল ও কাজের ধরন আলাদা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, তবু সবার প্রথম ও প্রধান পরিচয় হলো তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা, আর তাঁদের মূল দায়িত্ব জনগণের সেবা করা।

সরকারি কর্মকর্তা হিসেবে কোনটি করণীয় আর কোনটি নয়, তা কর্মকর্তারা নিজেরাই ভালো জানেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তবে তাঁর মতে, জানা বিষয়গুলো কাজের জায়গায় বাস্তবায়নের সদিচ্ছাই সবচেয়ে বড় কথা।

নির্মোহভাবে নাগরিক সেবায় আত্মনিয়োগের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জীবনের প্রয়োজনে কোনো না কোনো সময় সবাইকেই অন্যের সাহায্য নিতে হয়। তাই অন্যের কাছ থেকে নিজেরা যেমন ব্যবহার আশা করেন, সেবাপ্রার্থী নাগরিকদের সঙ্গেও ঠিক সেই আচরণ করতে হবে।

একটি উদাহরণ টেনে তিনি বলেন, ‘কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু ভুলের কথা জানিয়ে তাকে ফিরিয়ে না দিয়ে সুনির্দিষ্টভাবে ভুলটি দেখিয়ে দেওয়া এবং কোথায় গিয়ে তা সংশোধন করতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া উচিত। এটিই মানবিকতা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ।’

প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই বিধিবদ্ধ নিয়ম ও আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় নাগরিকের প্রতি মানবিক আচরণ করা হচ্ছে কি না, আধুনিক রাষ্ট্র ও প্রশাসনে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

পছন্দের পদে পদায়ন বা পদোন্নতির আশায় পেশাগত দক্ষতা ও সততার প্রশ্নে আপস না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের যেকোনো স্থানে জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয়। একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।’

প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকা দোষের কিছু নয়; তবে সেই সমর্থনের প্রকাশ ঘটবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি বলেন, ‘তবে জনগণ নির্বাচনে ভোট দিয়ে যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি এখন জনগণের ইশতেহার ও জনগণের দলিল। সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনিক দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।’

প্রশাসনের দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবাকে সহজ ও নাগরিকবান্ধব করতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতাও খুব জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে নবীন কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

পরিবেশ ও পরিচ্ছন্নতার দিকেও নবীন কর্মকর্তাদের মনোযোগ টানেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঘরবাড়ি, অফিস-আদালতসহ চারপাশ পরিষ্কার রাখার ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে; এভাবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়া সম্ভব।

চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে অনুষ্ঠানে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অনেকে অনুষ্ঠানে ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :