দুর্নীতির কারণে বেশিরভাগ সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে, আইন সংশোধনের তাগিদ রাষ্ট্রপতির

আপলোড সময় : ০৯-১১-২০২৬ , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৪:০৮:৩৭ অপরাহ্ন

সমবায় আন্দোলনে নতুন প্রাণ ফেরাতে সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করা, সেগুলোর সক্ষমতা বাড়ানো, পণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ নেওয়া এবং প্রয়োজনীয় আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি বলেন, ‘সমবায় সমিতিগুলোর মধ্যে দুর্নীতির কারণে বেশিরভাগ সমিতি নষ্ট হয়ে গেছে এবং তাদের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। হাতে গোনা কয়েকটি সমিতি মাত্র সফলভাবে কাজ করছে। অথচ সমবায় আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। সমবায় আন্দোলনকে সফল করতে হলে সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে।’

৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি জানান, ১৯০৪ সালে শুরু হওয়া সমবায় আন্দোলন দীর্ঘ সময় ধরে চলেছে। এর মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। নিজের স্বনির্ভর আন্দোলন, অর্থাৎ স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে লক্ষ্য তাঁর ছিল, সেই উদ্যোগের সঙ্গে সমবায়কে যুক্ত করে কাজ শুরু করেছিলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ষাটের দশকে বাংলাদেশের সমবায় আন্দোলনের পথিকৃৎ হিসেবে পরিচিত ড. আখতার হামিদ খানকে জিয়াউর রহমান পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনেন। তাঁকে বার্ডের মহাপরিচালকের দায়িত্ব দিয়ে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত করা হয়, যার ফলে আন্দোলনটি অনেকখানি এগিয়ে যাওয়ার সুযোগ পায়।

সমবায়ের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান ও কার্যক্রমের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। বর্তমান সরকারের নেতৃত্বে সমবায় খাত আরও দ্রুত গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অতীতের সফল সমবায়ের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করে বলেন, সমবায়ের সেই অবস্থান এখন আর নেই; ধীরে ধীরে আন্দোলনটি একেবারে নিচে নেমে গেছে, আর আগের মতো এর প্রতি গুরুত্ব বা মনোযোগও চোখে পড়ে না।

এ কারণে সমবায় খাতের উন্নয়ন ও সম্প্রসারণের উপযোগী করে বিদ্যমান সমবায়-সংশ্লিষ্ট আইন সংশোধন ও যুগোপযোগী করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। দেশের এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে সমবায় সমিতিগুলো যাতে টিকে থাকতে পারে, সে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন রাষ্ট্রপতি।

তাঁর পর্যবেক্ষণ, বাংলাদেশে এনজিওর ধারণা খুব সফলভাবে এগিয়েছে, আর এই এনজিও কার্যক্রমের কারণেও সমবায় আন্দোলন পিছিয়ে পড়েছে। ফলে সমবায় প্রতিষ্ঠানগুলোকে এখন এনজিওর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হচ্ছে। তাই এমন ব্যবস্থা দরকার, যাতে সমবায় সমিতিগুলো প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করে এনজিওগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারে।

সমবায় প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য যথাযথভাবে বাজারজাত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলোর তৈরি পণ্য বাজারজাত করার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে। সমবায় অধিদপ্তর ও মন্ত্রণালয় এখানে উদ্যোগ নিতে পারে; সমবায়ভিত্তিক কোম্পানিও গড়ে তোলা যেতে পারে, যারা এসব পণ্য বাজারজাতকরণে সমিতিগুলোকে সহায়তা দেবে।

বাংলাদেশে এ ধরনের উদ্যোগের যথেষ্ট ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পণ্য বাজারজাতকরণের এই ঘাটতি দূর করা অত্যন্ত জরুরি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একতাবদ্ধ হয়ে কাজ করাই সমবায়ের মূল ধারণা। নানামুখী চ্যালেঞ্জ পেরিয়ে দেশকে সামনে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে পেছনে ঠেলে দেওয়ার যেসব চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে, সেগুলো মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।

সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশংসা করে রাষ্ট্রপতি জানান, সম্প্রতি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে যাওয়ার সুযোগ হয়েছিল তাঁর, যেখানে তারা অত্যন্ত চমৎকার কাজ করছে। তিনি বলেন, আজকের অনুষ্ঠানে কয়েকটি সফল সমবায়ের কার্যক্রম ও অগ্রগতি দেখে তিনি খুব আনন্দিত; তারা সত্যিকার অর্থেই অনেক ভালো কাজ করছে।

সমবায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা এখনো সমবায় আন্দোলনকে টিকিয়ে রেখেছেন। তবে কেবল টিকিয়ে রাখলেই চলবে না, একে সামনে এগিয়ে নিতে হবে। সে জন্য সমবায় আন্দোলনকে দেশের মানুষের সামনে আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক সেলিম ফকির।

সমবায় অধিদপ্তরের আয়োজনে এবারের সমবায় দিবসের মূল প্রতিপাদ্য ‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’।

অনুষ্ঠানস্থলে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সফল সমবায়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :