দেশি-বিদেশি কর্মবাজারের উপযোগী করে গ্র্যাজুয়েটদের গড়ে তুলতে পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করেও অনেক তরুণ চাকরির বাজারের চাহিদামতো দক্ষতা অর্জন করতে পারছেন না; এই ঘাটতি দূর করাই পরিকল্পনার লক্ষ্য।
তৃতীয় ভাষা শেখা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, শিক্ষক প্রশিক্ষণ, পিএইচডি করার সুযোগ বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের যোগসূত্র মজবুত করার ওপর পরিকল্পনায় জোর দেওয়া হয়েছে।
আজ চট্টগ্রামের একটি হোটেলে ওই অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সেখানেই তিনি এসব পরিকল্পনা তুলে ধরেন।
ইউজিসি চেয়ারম্যান জানান, দেশের ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পড়ছেন। বিশ্ববিদ্যালয় বাড়লেও শিক্ষার্থীদের দক্ষতা আর কর্মসংস্থান নিয়ে চ্যালেঞ্জ কাটেনি। চাকরির বাজারের চাহিদামতো দক্ষ না হওয়ায় অনেক গ্র্যাজুয়েট প্রত্যাশিত চাকরি পাচ্ছেন না, আন্তর্জাতিক শ্রমবাজারেও তাঁরা পিছিয়ে আছেন।
পরিকল্পনা অনুযায়ী শুরুতে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে, আর অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও এ কাজে সহায়তা দেওয়া হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক দপ্তর ও সংশ্লিষ্ট কেন্দ্র খোলার পরিকল্পনাও আছে।
ইউজিসি চায় আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাধ্যতামূলক ইন্টার্নশিপের আওতায় আসুক। তিন থেকে ছয় মাসের এ ইন্টার্নশিপে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করবেন এবং মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন বলে পরিকল্পনা করা হয়েছে, যার অর্ধেক দেবে সরকার, বাকি অর্ধেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। কার্যক্রমটি পরিচালনার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।
শিক্ষকদের দক্ষতা বাড়াতে হিট প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আগামী পাঁচ বছরে ২ হাজার শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়ার লক্ষ্যও ঠিক করা হয়েছে। বিদেশে থাকা মেধাবী বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণায় টানতে এক বছরের ফেলোশিপসহ একটি অ্যাকাডেমিক ক্যারিয়ার প্রোগ্রাম চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান জানান, বাস্তব সমস্যার সমাধানমুখী গবেষণাকে অগ্রাধিকার দিয়ে অর্থায়নের নীতিমালা তৈরি করা হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম বাড়াতে টিউশন ফির ক্ষেত্রেও কমিশনের সহায়তার পরিকল্পনা রয়েছে। মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও অন্যান্য কাজে সমন্বয় বাড়াতে শিগগিরই একটি সভা ডাকা হবে বলেও জানান তিনি।
অধ্যাপক মামুন আহমেদের মতে, বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের সমস্যা নিজেরাই চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হতে হবে। গ্র্যাজুয়েটদের ডিগ্রির মান ও বেকারত্ব ঘিরে যে হতাশা, তা দূর করতে ইউজিসি পাশে থাকবে; সভা-সেমিনার আয়োজন এবং শিক্ষার্থীদের যুক্ত করার উদ্যোগেও কমিশন সহায়তা দেবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান প্রস্তাব দেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর গবেষণা তহবিল প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া যেতে পারে। তাঁর মতে, এতে শিল্পপ্রতিষ্ঠানের সমস্যার সমাধান হবে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতাও বাড়বে।
অভিন্ন গ্রেডিং পদ্ধতি ও সেমিস্টার পরিচালনার নির্দেশিকা তৈরি, ওবিই কারিকুলাম বাস্তবায়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণার সম্পর্ক জোরদারে সভায় উপাচার্যরা ইউজিসির সহায়তা চান। কর্মবাজারের চাহিদা মেনে নতুন বিভাগ খোলা এবং শিক্ষকসংকট কাটাতে শূন্য পদে নিয়োগের প্রস্তাবও দেন তাঁরা।