১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও সুদ মওকুফ হয়েছে, নলডাঙ্গায় মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনে হুইপ দুলু

আপলোড সময় : ০৯-১১-২০২৬ , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৪:১৬:১৩ অপরাহ্ন

কৃষিতে প্রাণ ফিরিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

কৃষি বিভাগের অর্থায়নে নাটোরের নলডাঙ্গায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে একটি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে। আজ সেটি উদ্বোধন করতে গিয়ে হুইপ এসব কথা বলেন।

দুলুর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবনা কৃষি ও কৃষকনির্ভর। বিএনপি ক্ষমতায় আসার আগেই কৃষিঋণ ও ঋণের সুদ মওকুফের ঘোষণা দিয়েছিলেন তিনি, আর দায়িত্ব নেওয়ার শুরুতেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও সুদ মওকুফ করা হয়েছে। তিনি জানান, অগ্রাধিকার দিয়ে সারা দেশে খাল খনন করা হয়েছে এবং কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক কার্ড।

হুইপ দাবি করেন, দেশে সারসহ কোনো কৃষি উপকরণের সংকট নেই এবং সারের যথেষ্ট মজুত রয়েছে। সরবরাহ ব্যবস্থা উন্নত করতে নতুন করে আরও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

হুইপ দুলু বলেন, কৃষকদের সহায়তায় সরকার প্রণোদনা দিচ্ছে। এর আওতায় বিনা মূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ পেয়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা উপকৃত হচ্ছেন, তাঁদের জন্য যুগোপযোগী প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আকতার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অনেকে অনুষ্ঠানে ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :