তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় সালমানশাহ হত্যা মামলায় নতুন তারিখ ৮ ডিসেম্বর, আসামি সামীরাসহ ১১ জন

আপলোড সময় : ০৯-১১-২০২৬ , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৪:২৪:৪৬ অপরাহ্ন

চিত্রনায়ক সালমানশাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আগামী ৮ ডিসেম্বর ঠিক করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আজ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় বিচারক নতুন এ তারিখ দেন।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করেছিলেন সালমানশাহের মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায়।

মামলার আসামিরা হলেন সালমানশাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। অজ্ঞাতনামা আরও অনেককেও মামলায় আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানশাহের মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছিল।

গত ২০ অক্টোবর বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক। এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলাটি করেন সালমানশাহের মামা মোহাম্মদ আলমগীর।

মামলার অভিযোগে মোহাম্মদ আলমগীর উল্লেখ করেছেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর বোন নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী), বোনের স্বামী কমর উদ্দীন আহমদ চৌধুরী এবং তাঁদের ছোট ছেলে শাহরানশাহ নিউ ইস্কাটনের বাসায় সালমানশাহের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, সালমান ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর প্রডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানান, সালমানের কিছু একটা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তাঁরা দ্রুত বাসায় ফিরে দেখেন, শয়নকক্ষে সালমান নিথর পড়ে আছেন, আর কয়েকজন বহিরাগত নারী তাঁর হাত-পায়ে তেল মালিশ করছেন। পাশের ঘরে বসে ছিলেন সামীরার আত্মীয় রুবি।

সালমানের মা চিৎকার করে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করেন। পথে তাঁরা সালমানের গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান বলে অভিযোগে বলা হয়েছে।

সালমানশাহকে প্রথমে নেওয়া হয় হলি ফ্যামিলি হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এজাহারে মোহাম্মদ আলমগীর আরও উল্লেখ করেন, সালমানের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী জীবদ্দশায় ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত দেন। তাতে রমনা থানার অপমৃত্যু মামলাটিকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং সিআইডিকে দিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল।

সালমানের বাবার মৃত্যুর পর বোনের পক্ষ হয়ে মামলাটি চালাচ্ছেন মোহাম্মদ আলমগীর।

অভিযোগে বলা হয়েছে, এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে সালমানশাহকে হত্যা করেছেন। অভিযুক্তদের কেউ মারা গিয়ে থাকলে প্রমাণ সাপেক্ষে তিনি মামলার দায় থেকে অব্যাহতি পাবেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :