রাজশাহীতে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে রাসিক

আপলোড সময় : ১০-১১-২০২৬ , আপডেট সময় : ১০-১১-২০২৬

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) রাজস্ব আয় বাড়ানো এবং নিয়মিত করদাতাদের উৎসাহিত করতে আগামী বছর থেকে সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে। নগরবাসীকে নিয়মিত কর প্রদানে উদ্বুদ্ধ করা এবং করদাতাদের অবদানের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহী মহানগরীর উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের নিজস্ব রাজস্ব আয় বাড়ানো জরুরি। নগরীর উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবা পরিচালনার অন্যতম অর্থনৈতিক ভিত্তি হলো এই রাজস্ব। তাই রাজস্ব আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক, দায়িত্বশীল, স্বচ্ছ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।

নিয়মিত করদাতাদের মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে মাহফুজুর রহমান রিটন বলেন, করদাতাদের অবদানের স্বীকৃতি দেওয়া হলে অন্য নাগরিকরাও কর প্রদানে উৎসাহিত হবেন। এ লক্ষ্যেই আগামী বছর থেকে সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কর প্রদানে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং রাজস্ব আদায় বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের সততা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। নাগরিক ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা দেওয়ার পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, রাজস্ব আদায় বাড়ানোর কৌশল, বকেয়া পৌরকর আদায়, কর নির্ধারণ এবং আদায় কার্যক্রমে গতিশীলতা আনার বিষয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নগরবাসীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সিটি করপোরেশনের সচিব সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ। এ ছাড়া রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেওয়ার এ উদ্যোগ নগরবাসীর মধ্যে নিয়মিত কর প্রদানের আগ্রহ বাড়ানোর পাশাপাশি সিটি করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এতে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার কার্যক্রম আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :