২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রগতিশীল ডেমোক্র্যাটদের একটি অনানুষ্ঠানিক মতামত জরিপে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন জর্জিয়ার তরুণ সিনেটর জন ওসফ। জরিপে ৩৮ শতাংশ সমর্থন পেয়েছেন তিনি। বিপরীতে মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ সমর্থন নিয়ে তালিকার ১৬তম স্থানে নেমে গেছেন কমলা হ্যারিস। তবে জাতীয় পর্যায়ের সামগ্রিক জরিপে এখনো এগিয়ে রয়েছেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।
রোববার (৮ নভেম্বর) সাবেক ওবামা প্রশাসনের কর্মকর্তাদের প্রতিষ্ঠিত ‘ক্রুড মিডিয়া’র আয়োজনে প্রগতিশীলদের সম্মেলন ‘ক্রুড কন’-এ এই জরিপ অনুষ্ঠিত হয়। প্রায় এক হাজার ভোটারের অংশগ্রহণে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে এ মতামত নেওয়া হয়।
জরিপে ৩৮ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে রয়েছেন জন ওসফ। দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ পেয়েছেন ১৭ শতাংশ ভোট। সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগিচ রয়েছেন তৃতীয় স্থানে, তার সমর্থন ১৪ শতাংশ।
অন্য প্রার্থীদের মধ্যে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার, কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এবং পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো প্রত্যেকে পেয়েছেন ৪ শতাংশ সমর্থন। অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি ও মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর পেয়েছেন ৩ শতাংশ করে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের সমর্থন ২ দশমিক ৩ শতাংশ।
সবচেয়ে বড় চমক দেখা গেছে কমলা হ্যারিসের অবস্থানে। সাম্প্রতিক সময়ে ২০২৮ সালের ডেমোক্রেটিক প্রাইমারির বিভিন্ন জাতীয় জরিপে দুই অঙ্কের সমর্থন নিয়ে এগিয়ে থাকলেও এই স্ট্র-পোলে মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন তিনি। মিশিগানের সিনেটর এলিস স্লটকিনের সঙ্গে যৌথভাবে ১৬তম অবস্থানে রয়েছেন কমলা। তবে ‘রিয়েল ক্লিয়ার পলিটিকস’-এর সাম্প্রতিক জাতীয় জরিপের গড় হিসাবে ২১ দশমিক ৮ শতাংশ সমর্থন নিয়ে এখনো এগিয়ে আছেন তিনি।
এদিকে জর্জিয়ার মতো রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করে সম্প্রতি আলোচনায় আসেন জন ওসফ। তার নির্বাচনী সাফল্য এবং বক্তব্য উপস্থাপনের দক্ষতা তাকে ২০২৮ সালের সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
তবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে এখনো আগ্রহ প্রকাশ করেননি ওসফ। সিনেট নির্বাচনী প্রচারের সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরিকল্পনা নেই। বরং সিনেটের পূর্ণ মেয়াদ দায়িত্ব পালনে আগ্রহী তিনি।
এ ছাড়া প্রগতিশীল ডেমোক্র্যাটদের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থানের সঙ্গেও তার মতপার্থক্য রয়েছে। ‘মেডিকেয়ার ফর অল’, ‘গ্রিন নিউ ডিল’, অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা আইসিই বিলুপ্ত করা এবং সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ানোর মতো প্রস্তাবের বিরোধিতা করেছেন তিনি।