ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভ

আপলোড সময় : ১০-১১-২০২৬ , আপডেট সময় : ১০-১১-২০২৬

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, আবাসন সংকট, মজুরি ও শিক্ষা খাতের নানা সমস্যা ঘিরে উত্তাল হয়ে উঠেছে ইউরোপ। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মহাদেশটির ৩১টি দেশে ১ হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। সেখানে শিক্ষার্থীদের শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া আন্দোলন পরে বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক দাবিতে ছড়িয়ে পড়ে। এতে যুক্ত হয়েছেন শ্রমিক সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র তুলে ধরেছে আলজাজিরা। বিশ্লেষণে দেখা গেছে, উল্লিখিত সময়ে ফ্রান্সে শিক্ষা, সরকারি সেবা ও জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত ইস্যুতে অন্তত ১০০ জনের অংশগ্রহণে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। গত ১৭ অক্টোবর এক দিনেই দেশটিতে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। গত শনিবারও দেশজুড়ে সমাবেশ করেন প্রায় এক লাখ ৪৬ হাজার মানুষ।

ফ্রান্সের পর সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে স্পেনে। দেশটিতে ১৭৩টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ছাড়া ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি বিক্ষোভ হয়েছে। স্পেনে আবাসনসংক্রান্ত দুটি জরুরি অধ্যাদেশ প্রত্যাখ্যানের প্রতিবাদে আন্দোলন হয়েছে। অন্যদিকে ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।

ফ্রান্সের আন্দোলনের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বর্ণবাদী সহিংসতার ঘটনা। গত ২৩ অক্টোবর প্যারিসের উত্তরে ত্রাপ শহরে বর্ণবাদী হামলায় ২৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হন আরও সাতজন। সন্দেহভাজন হামলাকারী মুসলিম, আফ্রিকান ও উত্তর আফ্রিকান বংশোদ্র্ভূত মানুষকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছেন।

এদিকে বিক্ষোভে সহিংসতার জন্য বামপন্থি রাজনৈতিক দল ফ্রান্স আনবোডকে দায়ী করেছেন সরকারের কয়েকজন নেতা। তবে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটির সদস্যরা বিক্ষোভে উপস্থিত থাকলেও সহিংসতায় জড়িত ছিলেন না। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশটিতে রাজনৈতিক মেরূকরণ আরও বাড়তে পারে। একই সঙ্গে উগ্র ডানপন্থি মতাদর্শের বিস্তার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

মানবাধিকারকর্মীদের অভিযোগ, অভিবাসী ও মুসলিম জনগোষ্ঠীকে অপরাধী হিসেবে উপস্থাপনের মাধ্যমে উগ্র ডানপন্থি বক্তব্যকে স্বাভাবিক করে তোলা হচ্ছে। অন্যদিকে, বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়েও সমালোচনা বাড়ছে।

গত ২৮ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার পরিষদের ম্যান্ডেটপ্রাপ্ত চার বিশেষজ্ঞ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ জানান। এক বিবৃতিতে তারা বলেন, কয়েক হাজার মানুষকে গ্রেফতার ও আটক করার ঘটনা মাত্রাতিরিক্ত বলে মনে হচ্ছে। আটক ব্যক্তিদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। এ ধরনের পদক্ষেপ বিক্ষোভকারীদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা চর্চায় বাধা সৃষ্টি করছে।

পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগের মধ্যেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর লিলে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের সময় গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ইউরোপজুড়ে চলমান বিক্ষোভের পাশাপাশি ফ্রান্সের এসব ঘটনা দেশটির সামাজিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :