বিশ্ববাজারে বাংলাদেশের মাছকে সুস্বাদু হিসেবে পরিচিত করতে চাই: জেলা প্রশাসক

আপলোড সময় : ১০-১১-২০২৬ , আপডেট সময় : ১০-১১-২০২৬

বিশ্ববাজারে বাংলাদেশের মাছের স্বাদ ও বৈচিত্র‍্য তুলে ধরে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, বাংলাদেশের মাছকে বিশ্বের বাজারে সুস্বাদু মাছ হিসেবে পরিচিত করা সম্ভব হলে মৎস্যজীবীদের জীবনমানের উন্নতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। এ জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজন।

সোমবার চট্টগ্রামে মৎস্যজীবীদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মৎস্যজীবীদের সন্তানদের আধুনিক শিক্ষায় উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, মানুষের খাদ্যাভ্যাস ও রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের মাছের পছন্দও বদলাচ্ছে। তাই দেশীয় ও আন্তর্জাতিক বাজারে কোন প্রজাতির মাছের চাহিদা বেশি, তা বিবেচনায় নিয়ে উৎপাদন পরিকল্পনা করতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, মাছের স্বাদ ও গুণগত মানও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের নদী ও সমুদ্রে নানা প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এসব মাছের স্বাদ ও বৈচিত্র‍্য তুলে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে মৎস্যজীবীদের আয় বাড়বে, তাঁদের জীবনমানের উন্নতি হবে এবং দেশের অর্থনীতিও উপকৃত হবে।

মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে জাহিদুল ইসলাম মিঞা বলেন, কম জায়গায় বেশি মাছ উৎপাদন, উপযুক্ত খাবার নির্বাচন ও উন্নত চাষপদ্ধতি প্রয়োগের মাধ্যমে এ খাতকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাঁর ভাষায়, ‘আমাদের কিন্তু যন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। না হলে আমাদের কাজগুলো যন্ত্র নিয়ে যাবে।’

আগামী পাঁচ থেকে দশ বছরে মাছ চাষ ও আহরণের প্রচলিত পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের মৎস্যজীবীদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞানও বাড়াতে হবে।

মৎস্যজীবীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা মাছ আহরণ করেন। তাঁদের পরিশ্রমে দেশের মানুষের আমিষের চাহিদার বড় একটি অংশ পূরণ হয়। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে প্রশিক্ষণের বিকল্প নেই। জেলা প্রশাসকের ভাষায়, ‘আমরা আমাদের সকল জেলে ভাইয়ের কাছে অনেক বেশি ঋণী।’

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষণ নতুন ধারণা দেয়, তবে তা বাস্তবে কাজে লাগানোর উদ্যোগ মৎস্যজীবীদেরই নিতে হবে। আগের বছরের তুলনায় কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সে পরিকল্পনা প্রত্যেক মাছচাষিকে করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অর্জিত জ্ঞান অন্য মৎস্যজীবীদের মধ্যে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।

মৎস্যজীবী পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে এ বৃত্তির জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আমরা মৎস্যজীবী ভাইদের সন্তানদের জন্য একটি স্কলারশিপের ব্যবস্থা করার চেষ্টা করছি।’

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :