এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

আপলোড সময় : ১০-১১-২০২৬ , আপডেট সময় : ১০-১১-২০২৬

এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। রোববার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে টমাস ডুলির দলের। গত বৃহস্পতিবার ভুটানকে হারিয়ে পাওয়া তিন পয়েন্টের সঙ্গে প্রতিপক্ষের পয়েন্ট হারানোর সমীকরণে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ভুটানের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। অন্যদিকে, এক ম্যাচ খেলে এক পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কাও। ভুটানের গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে যাওয়ায় তাদের পয়েন্ট বাড়ানোর আর সুযোগ নেই। ফলে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের শেষ চার নিশ্চিত হয়েছে।

আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে ড্র করতে পারলেই সেমিফাইনালে জায়গা করে নেবে শ্রীলঙ্কা। তবে এখনো শেষ চারে ওঠার ক্ষীণ সম্ভাবনা রয়েছে ভুটানের। সে জন্য বাংলাদেশের কাছে অন্তত দুই গোলের ব্যবধানে হারতে হবে শ্রীলঙ্কাকে।

রোববার দিনের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে শ্রীলঙ্কা ও ভুটানের লড়াই। ৩৩ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার জেমস কেলার্ট। বিরতির আগে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আহমেদ ওয়াসিম রাজিক।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পায় ভুটান। তবে ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দলটির অধিনায়ক চেনচো গিল্টশেন। তার নেওয়া শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। অবশ্য ৭৬ মিনিটে গোল করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন চেনচো। শেষ পর্যন্ত আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি। আর তাতেই এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :