গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় গাকৃবি

আপলোড সময় : ১০-১১-২০২৬ , আপডেট সময় : ১০-১১-২০২৬

গবেষণার মান ও উৎপাদনশীলতার স্বীকৃতি হিসেবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭-এ শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার সূচকে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ সূচকে ৬১ দশমিক ৮ স্কোর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। ৬৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আন্তর্জাতিক র‍্যাঙ্কিং সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) গত ৩ নভেম্বর তাদের ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এ তালিকা প্রকাশ করে। শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় গাকৃবির এ অবস্থান বিশ্ববিদ্যালয়টির গবেষণামুখী শিক্ষা, শিক্ষক-গবেষকদের প্রচেষ্টা এবং জ্ঞান সৃষ্টিতে ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সার্বিক র‍্যাঙ্কিংয়েও সাফল্য ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে গাকৃবি। এ ছাড়া এশিয়াজুড়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে ৮৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের ক্ষেত্রে এ সূচককে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আওতাধীন মোট ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি শুধু অবকাঠামোগত উন্নয়ন বা শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান সৃষ্টি, গবেষণার উৎকর্ষ এবং গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার মধ্যেই এর সার্থকতা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :