শীতের আগমনী বার্তায় ভেড়ামারায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

আপলোড সময় : ১০-১১-২০২৬ , আপডেট সময় : ১০-১১-২০২৬

শীতের আগমনী বার্তা নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শুরু হয়েছে খেজুর গাছ পরিচর্যা ও রস সংগ্রহের প্রস্তুতি। শীত মৌসুমকে সামনে রেখে গাছ পরিষ্কার, ডালপালা ছাঁটাই এবং রস সংগ্রহের উপযোগী করে তুলতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় গাছিরা। গাছ প্রস্তুতের কাজ শেষ হলেই শুরু হবে রস সংগ্রহের পালা।

খেজুরের রস ও গুড় গ্রামবাংলার ঐতিহ্য এবং শীতকালীন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই রস থেকে তৈরি হয় সুস্বাদু গুড় ও পাটালি। শীতের সকালে খেজুরের রসের স্বাদ নিতে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের মধ্যেই থাকে বাড়তি আগ্রহ। তাই শীত আসার আগেই গাছ পরিচর্যার কাজে নেমে পড়েছেন গাছিরা।

ভেড়ামারায় দেখা গেছে, জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে উঁচু খেজুর গাছে উঠে পরিচর্যার কাজ করছেন তাঁরা। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই পেশার সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামীণ জনপদের সংস্কৃতি ও বহু মানুষের জীবিকা।

উপজেলার ষোলদাগ গ্রামের গাছি আব্দুর রাজ্জাক জানান, শীত মৌসুম সামনে রেখে খেজুর গাছের পরিচর্যা করছেন তিনি। গাছ প্রস্তুতের কাজ শেষ হলে রস সংগ্রহ শুরু করবেন। তাঁর ভাষায়, খেজুরের রস ও গুড় গ্রামবাংলার ঐতিহ্য। এই পেশার ওপরই নির্ভরশীল তাঁদের জীবিকা। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, শীত এলেই খেজুরের রস ও গুড় নিয়ে মানুষের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়। এই ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সচেতন মহলের প্রতিনিধি জুয়েল মনে করেন, খেজুর গাছ সংরক্ষণের পাশাপাশি নতুন গাছ রোপণ এবং গাছিদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ঐতিহ্যবাহী এই পেশা টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের দাবি, গ্রামবাংলার শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে ভেড়ামারায় খেজুর গাছ সংরক্ষণ এবং গাছিদের উৎসাহিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :