কপ-৩১ ভেন্যুতে তারেক রহমান, আগামীকাল পূর্ণাঙ্গ অধিবেশনে তুলে ধরবেন বাংলাদেশের অবস্থান

আপলোড সময় : ১১-১১-২০২৬ , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৪:২২:০৮ অপরাহ্ন

আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) ভেন্যুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের সম্মেলন বসেছে তুরস্কের আন্তালিয়ায়।

বিশ্বের নানা দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা এতে যোগ দিচ্ছেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন এবং সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিন দিনের সফরে প্রধানমন্ত্রী গতকালই তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। স্ত্রী ডা. জুবাইদা রহমান এ সফরে তাঁর সঙ্গী।

সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আগামীকাল বাংলাদেশের বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন প্রশ্নে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, তা তিনি তুলে ধরবেন।

সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নিচ্ছে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল।

দলের সদস্যদের মধ্যে আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার দেশে ফিরবেন বলে কথা রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :