কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ ৪৯ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করেছে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে চালানো বিশেষ অভিযানে একই সময়ে জেলার বিভিন্ন জায়গা থেকে কিশোর গ্যাংয়ের ৩৭ জনকে আটক করা হয়। ২শ’ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার হয় কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে।
জেলার বিভিন্ন থানার পুলিশ গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত এসব অভিযান চালায়।
পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল আজ সকাল ১১টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়াদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ১৫ জন। থানাভিত্তিক হিসাবে চাঁদপুর সদর মডেল থানা ৪ জন, ফরিদগঞ্জ থানা ৫ জন, মতলব দক্ষিণ থানা ১ জন, মতলব উত্তর থানা ১ জন, হাজীগঞ্জ থানা ২ জন, শাহরাস্তি থানা ১ জন এবং কচুয়া থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে।
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ধরেছে ৬ মাদকসেবীকে। ফরিদগঞ্জে ৩ জনের কাছ থেকে ২৩ পিস, মতলব দক্ষিণে ২ জনের কাছ থেকে ১০ পিস এবং শাহরাস্তিতে ১ জনের কাছ থেকে ৩ পিস ইয়াবা পাওয়া গেছে। হাজীগঞ্জে ১ জনের কাছ থেকে উদ্ধার হয়েছে ২শ’ গ্রাম গাঁজা।
বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন আরও ১২ জন—চাঁদপুর সদর মডেল থানায় ১ জন, হাইমচরে ২ জন, ফরিদগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ৪ জন এবং কচুয়ায় ২ জন।
এর বাইরে বিভিন্ন ধারায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৮ জন এবং শাহরাস্তি থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭ জনের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৩ জন, হাইমচর ৫ জন, ফরিদগঞ্জ ৬ জন, মতলব দক্ষিণ ৫ জন, মতলব উত্তর ৫ জন, হাজীগঞ্জ ৪ জন এবং কচুয়া থানা পুলিশ ৯ জনকে আটক করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে অভিযানটি চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বাসসকে জানান, যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের মধ্যে ৩৫ জনকে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে; বাকি ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেফতার হওয়া বাকি আসামিদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধ দমনে এমন অভিযান চলতে থাকবে।