মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে যুবসমাজকে সচেতন, দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল। তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের পাশাপাশি নীতি-নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে একটি সচেতন ও গুজবমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ময়মনসিংহ জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র (অনাবাসিক) প্রাঙ্গণে গুজব-অপপ্রচার প্রতিরোধ ও নীতি-নৈতিকতা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ এ সভার আয়োজন করে। জন কেনেডি জাম্বিল বলেন, গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি, অবিশ্বাস ও অস্থিরতা তৈরি করে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যক্তি, পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করতে হবে।
এ ক্ষেত্রে যুবসমাজকে সচেতনতার পাশাপাশি অন্যদেরও দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক মোঃ হারুণ-অর-রশীদ। তিনি বলেন, দেশের ইতিবাচক পরিবর্তন ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শুধু শিক্ষিত হলেই চলবে না, নৈতিক মূল্যবোধ, সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন অবস্থান নিতে হবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক মাহবুবুর রহমান। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাই, গুজব ও অপপ্রচারের ভয়াবহ সামাজিক প্রভাব এবং ব্যক্তি ও সমাজজীবনে নীতি-নৈতিকতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।