মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ময়মনসিংহে এসব পরিবারের মধ্যে ১ কোটি ১০ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত, দুর্ঘটনা প্রতিরোধ এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।অনুষ্ঠানের শেষ পর্বে ২৮টি পরিবারের মধ্যে মোট ১ কোটি ১০ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া যানবাহন চালানো থেকে বিরত থাকা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারি আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
একই অনুষ্ঠানে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।কর্মশালায় শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ বিষয়ে বিদ্যমান আইন মেনে চলা এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য চালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবা মীরা, বিআরটিএর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) গোলাম মওলা, মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবর, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।