শতভাগ পাসে ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম, জাতীয় পর্যায়েও তৃতীয়

​রেকর্ড ভেঙে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখল কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

আপলোড সময় : ১১-১১-২০২৬ , আপডেট সময় : ১১-১১-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইতিহাস গড়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস এবং জিপিএ-৫ অর্জনের হারে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে জাতীয় পর্যায়েও তৃতীয় স্থান অর্জন করে শিক্ষাঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে কলেজটি।শুধু পরীক্ষার ফলাফলেই নয়, জাতীয় শিক্ষা সপ্তাহেও সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ বিভাগে কলেজ পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান’ এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের গৌরবও রয়েছে তাদের ঝুলিতে। 

এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) সকালে কলেজের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আতাউর রহমান। এ সময় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোখলেছুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিএস আব্দুল্লাহ (রনি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ জানান, ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজনীতিমুক্ত পরিবেশ, কঠোর শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করে আসছে। বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা-তিনটি বিভাগ নিয়ে পূর্ণাঙ্গ ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে কলেজটি।একাডেমিক সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জনের পর ২০২৬ সালেও সেই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। 

২০০৭ সালে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়ার পাশাপাশি ২০০৮ শিক্ষাবর্ষে কলেজটির ৫২ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে এবং ৩৯ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পান। বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয়, মেডিকেল ভর্তি পরীক্ষায় নবম এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় প্রথম ও ষষ্ঠ স্থান অর্জনের গৌরবও রয়েছে কলেজটির। কলেজটির প্রাক্তন শিক্ষার্থীরাও দেশ-বিদেশে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। চিকিৎসা, প্রকৌশল, গবেষণা, শিক্ষকতা ও প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন তাঁরা। তাঁদের কেউ কেউ নাসা, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গণিত অলিম্পিয়াডে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এবং ২০২৫ সালের পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জনও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মেধার উজ্জ্বল দৃষ্টান্ত।

সংশ্লিষ্টরা জানান, এ ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে সুপরিকল্পিত একাডেমিক কার্যক্রম, ডিজিটাল হাজিরা, নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন, শিক্ষার্থী কাউন্সেলিং, অভিভাবক সমাবেশ, বিশেষ ক্লাস এবং শিক্ষকদের নিয়মিত ইন-হাউজ প্রশিক্ষণ। চারটি ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, মাল্টিমিডিয়া শিক্ষা উপকরণ, নিজস্ব পরিবহন, ক্যান্টিন ও ক্রীড়া সুবিধাসহ গড়ে তোলা হয়েছে উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ। বর্তমানে কলেজে ৩৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। 

প্রেস ব্রিফিংয়ে অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আতাউর রহমান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শুধু পাঠদান যথেষ্ট নয়; শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত একাডেমিক তদারকি, অভিভাবকদের সম্পৃক্ততা এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিশ্চিত করাও জরুরি। এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কলেজে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি এ সাফল্যের পেছনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, গভর্নিং বডির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।কলেজ কর্তৃপক্ষের প্রত্যাশা, অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও দক্ষ, সৃজনশীল, মানবিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলবে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় পর্যায়ে আরও বড় অর্জনের প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :