উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস কমানোর তাগিদ: ডেইরি খাত নিয়ে প্রতিমন্ত্রী টুকু

আপলোড সময় : ১২-১১-২০২৬ , আপডেট সময় : ১২-১১-২০২৬

উৎপাদন বাড়াতে হবে, সঙ্গে কমাতে হবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ—তবেই বাংলাদেশের ডেইরি খাত টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর মতে, এর জন্য আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সঠিক ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি।

রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আজ ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’—এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের অর্থনীতি, গ্রামের মানুষের জীবনজীবিকা আর পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। হিসাব দিয়ে জানান, দেশে এখন বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হয়, যেখানে জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। প্রতিমন্ত্রীর মতে, শুধু উৎপাদন বাড়িয়ে এই ঘাটতি মিটবে না; উৎপাদনশীলতা বাড়ানো, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন ও পরিবেশবান্ধব খামার পরিচালনাতেও জোর দিতে হবে।

টুকু জানান, প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামার থেকে নিয়মিত আয় করছে। বিশেষ করে খামার ব্যবস্থাপনায় গ্রামীণ নারীদের অবদান গুরুত্বপূর্ণ। তরুণেরা আবার পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এই খামারি, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, অর্থায়ন ও বাজারসুবিধা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

খাতটির বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি পশুখাদ্যের চড়া দাম, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত কোল্ড-চেইন এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কথা বলেন। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি, সুষম খাদ্য, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনা দিয়ে উৎপাদন বাড়ানো যায়, আবার পরিবেশদূষণও কমানো সম্ভব।

টেকসই ডেইরি উন্নয়নের জন্য সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া—এগুলো সেই উদ্যোগেরই অংশ।

প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা বাড়াতে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে কাজ করতে উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর দুধ সংগ্রহ নেটওয়ার্ক বাড়ানো এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদারের ওপরও গুরুত্ব দেন।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক ছিলেন বিশেষ অতিথি। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) সেলিম রেজা হাসান, সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক ও দুগ্ধশিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :