চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় এনে ১০০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি নগরীর সিআরবিতে। শিল্পাঞ্চলের শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে সীতাকুণ্ডে একটি হাসপাতাল ও ট্রমা সেন্টার গড়ার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের একান্ত বৈঠকে বিষয়গুলো আলোচনায় আসে।
পরিকল্পনা হলো, রেলওয়ে হাসপাতালের বর্তমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা কাজে লাগিয়েই এটিকে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে উন্নীত করা। স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটি চালালে শয্যা বাড়ানোর পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম যোগ করা এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে। তাতে নগরীর সাধারণ ও স্বল্প আয়ের মানুষ সরকারি ব্যবস্থাপনায় আরও ভালো চিকিৎসা পাবেন।
শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও নতুন উদ্যোগের পরিকল্পনা আছে। বৈঠকে সীতাকুণ্ডে শ্রমিকদের জন্য একটি হাসপাতাল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দিতে একটি ট্রমা সেন্টার স্থাপনের প্রসঙ্গ ওঠে। শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ধাপে ধাপে মোট ছয়টি হাসপাতাল গড়ার পরিকল্পনার কথাও জানানো হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের অন্যতম বন্দরনগরী ও বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রামে জনসংখ্যা বাড়ছে, আশপাশের এলাকার মানুষের চিকিৎসার চাহিদাও দিন দিন বাড়ছে। এতে সরকারি হাসপাতালে রোগীর চাপ বেড়ে চলেছে। এ অবস্থায় রেলওয়ে হাসপাতালটি ১০০ শয্যার জেনারেল হাসপাতাল হলে নগরীর স্বাস্থ্যসেবা অবকাঠামো আরও বিস্তৃত হবে, আর দরিদ্র, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ কম খরচে উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।
তাঁর কথায়, চট্টগ্রামের শিল্পাঞ্চল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক, পরিবহনকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। এখানকার কারখানার শ্রমিকদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে সীতাকুণ্ডে হাসপাতাল ও ট্রমা সেন্টার দরকার।
দুটি পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরী ও আশপাশের শিল্পাঞ্চলে সরকারি স্বাস্থ্যসেবার পরিধি বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ, শিল্পশ্রমিক ও সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসা পাওয়া সহজ হবে।