অবৈধ সোনার খনিবিরোধী অভিযানে হামলা: পাকিস্তানে ১০ পুলিশ নিহত, সংঘর্ষে প্রাণ গেল ১৮ জঙ্গির

আপলোড সময় : ১২-১১-২০২৬ , আপডেট সময় : ১২-১১-২০২৬

বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অবৈধ সোনার খনির বিরুদ্ধে অভিযান চালানোর সময় পুলিশের ওপর এ হামলা হয়। সংঘর্ষে ১৮ জঙ্গিও প্রাণ হারিয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশের ভাষ্য, কোহাট জেলার গুম্বাট এলাকায় একটি খনি থেকে ফেরার সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। বিবৃতি অনুযায়ী, ১০ পুলিশ ও ১৮ জঙ্গি নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন ১২ পুলিশ সদস্য।

পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।

সংঘর্ষের পর দেশজুড়ে কয়েকটি ধারাবাহিক হামলার দায় নিয়েছে পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। গুম্বাটে পুলিশের একটি বহরে হামলাও সেগুলোর মধ্যে রয়েছে।

কোহাটের একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এর আগে এএফপিকে বলেছিলেন, হামলার সময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয় জঙ্গিরা। পুলিশের আরও দুটি গাড়ি ও একটি ব্যক্তিগত গাড়ির হদিস মিলছিল না।

কোহাটের ওরাকজাই এলাকার আরেক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, জেলায় আরেকটি অভিযানে টিটিপির ১০ সদস্য নিহত হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার হয়েছে।

আফগানিস্তান সীমান্ত লাগোয়া এই প্রদেশে জঙ্গি তৎপরতা দিন দিন বাড়ছে, আর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বাহিনীর দাবি, এই জঙ্গিরা আফগানিস্তান থেকে কার্যক্রম চালায়। আফগানিস্তানের তালেবান সরকার অবশ্য অভিযোগটি অস্বীকার করেছে।

প্রকাশ্য যুদ্ধ

এর আগে বুধবার স্থানীয় একটি জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানিয়েছিলেন, কোহাট জেলায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আহত ১২ পুলিশ সদস্যকে উদ্ধারকর্মীরা চিকিৎসা দিচ্ছেন বলেও জানান তিনি।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কে টানাপোড়েন চলছে। গত বছরের অক্টোবরে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর পরিস্থিতি আরও খারাপ হয়; সেই সংঘর্ষের জেরে সীমান্ত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়।

মধ্যস্থতায় সংঘর্ষ কিছুটা কমলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার পরিস্থিতির অবনতি হয়। তখন প্রতিবেশী আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে পাকিস্তান।

ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের ভূখণ্ডে প্রাণঘাতী হামলার জন্য দায়ী জঙ্গিদের আফগানিস্তানের মাটি ব্যবহার করে তৎপরতা চালাতে দিচ্ছে কাবুল। আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ এ অভিযোগও অস্বীকার করেছে।

জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক মিশনের হিসাবে, গত বছরের অক্টোবর থেকে দুই দেশের সংঘর্ষে কয়েকশ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখোয়ায় আফগানিস্তান সীমান্তের কাছে পোলিও টিকাদান দলের নিরাপত্তায় থাকা দুই পুলিশ সদস্যকে হত্যা করে জঙ্গিরা। জঙ্গি তৎপরতা দমনে প্রাদেশিক সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে গত মাসে খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :