গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করেছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আসন্ন পবিত্র রমজানে সরকারি এই বিপণন সংস্থার পরিকল্পনা সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির।
অর্থাৎ ট্রাক বাড়ছে ৭০টি। এতে উপকারভোগী ৩৪ লাখ থেকে বেড়ে হবে ৪০ লাখ—নতুন করে আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কিনতে পারবেন।
রমজানে সরবরাহ বাড়াতে ভোজ্যতেল, ডাল ও চিনি বাড়তি আমদানির প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি। শুধু স্মার্ট কার্ডধারীরা নন, কার্ড ছাড়া সাধারণ ভোক্তারাও যাতে সাশ্রয়ী দামে পণ্য কিনতে পারেন, সে জন্য খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাসসকে জানান, রমজানে পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংস্থার নিজস্ব ক্রয় পরিকল্পনা আছে, সে অনুযায়ী প্রস্তুতি এগোচ্ছে। নিয়মিত সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।
তাঁর কথায়, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের হাতে পণ্য পৌঁছাতে সরকার অতিরিক্ত বিক্রির কথা বিবেচনা করছে। সে জন্য ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানিতে বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে; কিছু পণ্যের দরপত্রও ডাকা হয়েছে।
বাড়তি আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান চেয়ারম্যান। তবে দরকারি প্রস্তুতি চলছে। ট্রাকে বিক্রির পরিমাণ বাড়ানোরও পরিকল্পনা আছে।
রমজান ঘিরে আমদানির বড় প্রস্তুতি
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি এরই মধ্যে একটি ক্রয় পরিকল্পনা করেছে। এর আওতায় দেশি ও আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেড়েছে।
এ সময় দেশে ভোজ্যতেল এসেছে ৮ লাখ ২৩ হাজার টন; আগের বছর একই সময়ে এসেছিল ৭ লাখ ৫ হাজার টন। পণ্যটির এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের চেয়ে ১ লাখ ৩১ হাজার টন বেশি। সয়াবিন বীজের আমদানিও বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে, আগের বছরের তুলনায় যা ১ লাখ ১৩ হাজার টন বেশি।
চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন—আগের বছরের একই সময়ের চেয়ে ১ লাখ ৫৩ হাজার টন বেশি। চিনির এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।
ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা এসেছে ৮২ হাজার টন, যেখানে আগের বছর একই সময়ে এসেছিল মাত্র ১২ হাজার টন। ছোলার এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।
মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, আগের বছরের চেয়ে ৬৪ হাজার টন বেশি; এর এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। খেজুর আমদানি আগের বছরের একই সময়ের ৪ হাজার টন থেকে বেড়ে হয়েছে ১১ হাজার টন।
টিসিবির বাড়তি ট্রাক, অতিরিক্ত আমদানির প্রস্তুতি আর বাজারে আমদানি বাড়ার এই চিত্র আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।