‘অননুমোদিত রুটে’ চলায় হরমুজে দুই সুপারট্যাঙ্কারে বিস্ফোরণ, অন্য জাহাজকেও সতর্ক করল আইআরজিসি

আপলোড সময় : ১২-১১-২০২৬ , আপডেট সময় : ১২-১১-২০২৬

অননুমোদিত একটি রুট ধরে চলার পর হরমুজ প্রণালিতে দুটি সুপারট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। জাহাজ দুটিতে ছিল ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেল। খবরটি নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা।

আইআরজিসি নৌবাহিনী জানায়, গত রাতে প্রণালির একটি অননুমোদিত রুট পার হওয়ার পর আইন ভঙ্গকারী ওই দুই সুপারট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এরপর থামিয়ে দেওয়া হয় সেগুলোর যাত্রা।

বাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতি অনুযায়ী, হরমুজ প্রণালির ট্রাফিক কন্ট্রোল সেন্টার বারবার সতর্ক করেছিল। তবু জাহাজ দুটি ওই অননুমোদিত দক্ষিণ রুট ধরেই এগিয়ে যায়। রুটটি অবৈধ ও অনিরাপদ—কন্ট্রোল সেন্টার তা স্পষ্ট করে জানালেও সেই সতর্কবার্তায় কান দেয়নি জাহাজ দুটি।

বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের শিকার দুটিই ছিল বিশাল আকারের সুপারট্যাঙ্কার; দুটিতে মিলিয়ে অপরিশোধিত তেল ছিল ৪০ লাখ ব্যারেলের বেশি। আইআরজিসির দাবি, লুণ্ঠনকারী ও আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর ওপর ভরসা করার ফল হিসেবেই জাহাজ দুটি এখন আগুনে পুড়ছে।

ঘটনার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে চলা অন্য জাহাজগুলোকেও কড়া হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি নৌবাহিনী। তাদের সতর্কবার্তা, এই অঞ্চলে কোনো জাহাজ নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে প্রণালির ওই অননুমোদিত দক্ষিণ রুট পার হতে মার্কিন চোরাচালানকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করলে তাকেও ঠিক একই পরিণতি ভোগ করতে হবে।

সূত্র: মেহের নিউজ

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :