জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষায় পাঁচটি জরুরি পদক্ষেপ নিতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন তিনি। সেখানে তিনি বলেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’
ভাষণে তুলে ধরা পাঁচ প্রস্তাবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর।
বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তার ভাষায়, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি আর পরিবেশ সুরক্ষাকে একে অপরের পরিপূরক হিসেবে দেখছে। শিল্পায়ন ও উন্নয়নের কাজ যেমন চলবে, তেমনি প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্যও বজায় রাখতে হবে।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে মিল রেখে নেট-জিরো নির্গমনের লক্ষ্যে কাজ করছে সরকার।
বিশেষ কর প্রণোদনা দিয়ে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্জ্য থেকে জ্বালানি তৈরিতেও উৎসাহ দেওয়া হচ্ছে।
দেশে সবুজ শিল্পায়নে উৎসাহ দেওয়ার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, এখন প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন বাড়ানো, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জাতীয় কাঠামো তৈরিতে সরকার কাজ করছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনার কথাও বলেন তিনি। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের সঙ্গে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।
স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে উপকূলীয় জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে।
জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান বৈশ্বিক ব্যবস্থা এখনো অপর্যাপ্ত; উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার সেখানে ঠিকমতো বিবেচনা পায় না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বড় চাপ তৈরি করছে। তার মতে, বাড়তে থাকা ঋণ পরিশোধের বোঝা আর সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করছে।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আর ঋণ নয়, অনুদান দরকার। সেই সঙ্গে তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।
এরপর পাঁচটি প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। প্রথম প্রস্তাব: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দিতে হবে; গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রচেষ্টাতেও সহায়তা দিতে হবে।
দ্বিতীয়ত, ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে, যার মধ্যে থাকবে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগ।
তৃতীয় প্রস্তাবে তিনি পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং উন্নয়নশীল দেশে সেসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তার কথা বলেন।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মধ্য দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার গতি বাড়ানোর আহ্বান জানান তিনি।
পঞ্চম প্রস্তাব হলো, ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান তৈরি করতে হবে। গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সফল কপ-৩১-এর প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আশা করে এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফল আসবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য।
সবার প্রতি তার আহ্বান, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’
কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
সূত্র: বাসস